পুঁজিবাজারে বেড়েছে আস্থা, ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের গতিও বাড়তে দেখা যাচ্ছে। ২০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে ৮০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে।
ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় ৮০০ কোটি টাকা হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। এমনকি আট মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটলো। তবে এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বেড়েছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, পুঁজিবাজারে দীর্ঘ সময়ের দরপতনের ধাক্কা কাটিয়ে গত জুন মাসের শুরু থেকে উত্থান পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। ফলে জুন মাসে ১৬ কার্যদিবসের মধ্যে ১১ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি পাঁচ কার্যদিবস সূচক কমেছে। মুলত ১১ কার্যদিবসে সূচক বেড়েছে ৩৬৪ পয়েন্ট। এছাড়া ৫ কার্যদিবসে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। ফলে সূচকের উঠানামার মধ্যে স্থিতিশীল হচ্ছে পুঁজিবাজার।
এদিকে এখন পর্যন্ত জুলাই মাসে ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবস সূচক বেড়েছে। আর বাকি দুই কার্যদিবস সূচক কমেছে। মুলত জুলাই মাসের ৮ কার্যদিবসে সূচক বেড়েছে ২৯৯ পয়েন্টের বেশি। তবে দুই কার্যদিবসে সূচক কমেছে ৫ পয়েন্ট।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩২পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৯পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, দর কমেছে ১৮০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। ডিএসইতে ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৫ কোটি ৩০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইতে ২৩৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬ টির দর বেড়েছে, কমেছে ৭৫ টির এবং ৩৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

