পিপলস লিজিংয়ের পর্ষদে ফিরতে চান উদ্যোক্তরা, সিদ্ধান্ত হাইকোর্টে
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হতে আগ্রহী কোম্পানির কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা। এ বিষয়ে তাদের জমা দেওয়া আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) নীতিগতভাবে অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের বিবেচনা ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে কোম্পানির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ১৫ জুলাই অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি জানিয়েছে, কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হতে আগ্রহী হয়ে ইওআই জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনা শেষে পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। যাতে প্রচলিত আদালতের নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসারে বিষয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা যায়।
পর্ষদের এ সিদ্ধান্ত উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সরাসরি পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির অনুমোদন নয়। এটি কেবল আদালতের অনুমোদন চাওয়ার প্রক্রিয়ার অংশ। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের আদেশের ওপর নির্ভরশীল।
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘জেড’ এ কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ১৮.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭০.৮৪ শতাংশ শেয়ার আছে।

