পুঁজিবাজারে সুবাতাস বইছে, ডিএসইতে দুই বছরের মধ্যে সব্বোর্চ লেনদেন
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আবার সুবাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন পরিচালনা পর্ষদের কিছু কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ বিনিয়োগকারীদের মনে নতুন আশার আলো জুগিয়েছে। সম্প্রতি অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে বেশ কিছু কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা এবং দুর্বল কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ফলে নিয়ন্ত্রক সংস্থার এমন সংস্কারমুখী উদ্যোগের ফলেই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থার পারদ দুটোই বেড়েছে, যার ইতিবাচক প্রভাবে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে ডিএসইতে গত দুই বছরের মধ্যে সব্বোর্চ লেনদেন হয়েছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, দর কমেছে ১৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪১ কোটি ১৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২ পয়েন্টে। সিএসইতে ২৬৫ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মধ্যে ১৫৪ টির দর বেড়েছে, কমেছে ৯৪ টির এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

