পুঁজিবাজারে বিনিয়োগে জ্ঞান ও কৌশলের ওপর জোর ডিএসই পরিচালকের
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও আধুনিক টুলস সম্পর্কে ধারণা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। বুধবার “ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস” শীর্ষক ৪ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত এ কর্মশালা চলেছে ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
মিনহাজ মান্নান ইমন বলেন, অর্জিত জ্ঞানকে যদি নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করা যায়, তবে তা কর্মক্ষেত্রে উন্নতি সাধনে সহায়ক হবে। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি বিনিয়োগ কৌশল ও টুলসও খুবই জরুরি। এগুলো একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সম্পর্কিত।
তিনি বলেন, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগের কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
তিনি আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এখানে অর্জিত জ্ঞান আপনাদেরকে একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে। মূলত দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম. ফজলে রাব্বি।
৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রায়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং এস. এম. গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম. ফজলে রাব্বি।
প্রশিক্ষকবৃন্দ ম্যাক্রো অ্যানালাইসিস, কোম্পানি অ্যানালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

