শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে অর্থায়নের নতুন উৎস হিসেবে ‘মিউনিসিপ্যাল বন্ড’ চালু করা হবে। এর মাধ্যমে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো সরাসরি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের সুযোগ পাবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারকে আরও গভীর ও বহুমাত্রিক করতে বিকল্প অর্থায়নের উৎস বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই করপোরেট বন্ড বাজার শক্তিশালী করার পাশাপাশি মিউনিসিপ্যাল বন্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নগর অবকাঠামো, সড়ক, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য জনসেবামূলক প্রকল্পে অর্থায়নের নতুন পথ তৈরি হবে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়নের জন্য বন্ড, সুকুক এবং অবকাঠামো তহবিলের ব্যবহারও বাড়ানো হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মিউনিসিপ্যাল বন্ড চালু হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরতা কিছুটা কমবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থসংস্থানের সুযোগ বাড়বে।
পুঁজিবাজারের অবকাঠামো ও তদারকি ব্যবস্থাকে আরও কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক ও ব্রোকারদের তথ্যব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদারের কথাও বলা হয়েছে। পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোর জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে রিজিওনাল ডুয়াল লিস্টিংয়ের সম্ভাবনা যাচাই করা হবে।
এ ছাড়া পুঁজিবাজারে জবাবদিহি ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে নিরীক্ষক, মূল্যায়নকারী এবং ইস্যু ম্যানেজারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রফেশনাল লাইয়াবিলিটি ফ্রেমওয়ার্ক ও লাইয়াবিলিটি ইন্স্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

