শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে দীর্ঘদিন পর দেশের পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো। এতে মূল্যসূচকের যেমন বড় উত্থান হয়েছে, তেমনি বেড়েছে লেনদেনের গতি। ফলে ডিএসইতে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে সূচক।

এই ঊর্ধ্বমুখী বাজারে দাম বাড়ার তালিকায় থাকা ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় দিনের সর্বোচ্চ দামে বিপুল ক্রয় আদেশ আসলেও এই কোম্পানিগুলোর বিক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের প্রথম আধাঘণ্টার মধ্যেই এক ডজন কোম্পানি শেয়ার দিনের সর্বোচ্চ দামে চলে আসে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পরিমাণ দাম বাড়ার তালিকাও বড় হতে থাকে।

ফলে লেনদেনের শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, জাহিন স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিএনএ টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, একটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল,

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি, সাইফ পাওয়ার টেক, ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামেলি টেক্সটাইল, রিং শাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং এপোল ইস্পান এই ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বড়ার সর্বোচ্চ সীমায় লেনদেন হয়।