স্পেশাল করেসপেন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হবে। এছাড়া পুঁজিবাজার কোনো চিরস্থায়ী গ্যারান্টিযুক্ত আয়ের উৎস নয় । ছোট বিনিয়োগকারীরা মনে করেন বিনিয়োগ করলেই মুনাফা নিশ্চিত, এই বাজারে যে ঝুঁকি আছে তা তারা মানতে চান না। ছোট বিনিয়োগকারীদের আরও ভালোভাবে শিক্ষিত করতে ডিএসই ও বিএসইসিকে উদ্যোগ নিতে হবে ।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‘সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে’ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়। অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না। কিন্তু তারা কত টাকা বেতন পান; ভুখা পেটে আর কতদিন পড়াবেন।

সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের অর্থায়নের অভাব রয়েছে। সরকারের লোকজন সব সময় বলে এটা দেন, সেটা দেন কিন্তু সরকারের রাজস্ব আদায় খুবই কম।

তিনি আরো বলেন, আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম, মাত্র ৭.২ শতাংশ। মানুষ কর দেয় কিন্তু সেবা পায় না। এজন্য কর দেয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম দেখা যায়। এজন্য আমরা এনবিআরের লোকদের সেবা বাড়ানোর কথা বলছি যাতে মানুষ কর দিতে উৎসাহবোধ করে।

ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন।