শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে মোট ৫০ লাখ টাকা বা তার অধিক মূলধনী আয়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংশ্লিষ্ট তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে সংস্থাটি। এনবিআরের চিঠির প্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জকে উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য দিতে বলেছে বিএসইসি।

গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিএসইসিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ০১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে ৫০ লাখ টাকার উপরে মূলধনী আয় প্রাপ্ত স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার) ও মূলধনী আয় নির্বিশেষে স্বাভাবিক ব্যক্তি ব্যতিত অন্যান্য প্রতিষ্ঠান (ওদার ট্যাক্সপেয়ার) কর্তৃক অর্জিত মোট মূলধনী আয় সংক্রান্ত তথ্য জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের উল্লিখিত চিঠির প্রেক্ষিতেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যাদের লেনদেন ৫০ লাখ টাকা বা তার অধিক মূলধনী আয় প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ১৪ সেপ্টেম্বর মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সুপারভিশন অফ মার্কেট অ্যান্ড মার্কেট ইন্টারমিডিয়ারিজ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রন্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের পত্র অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে মোট ৫০ লাখ টাকা বা তার অধিক মূলধনী আয় প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সংযুক্ত পত্রে বর্ণিত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হল।

পাশাপাশি চিঠিতে এক্সচেঞ্জসমূহকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে সমন্বিত তালিকা কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।