পুঁজিবাজারে টানা দরপতনে আতঙ্কে বিনিয়োগকারীরা, লেনদেনে ভাটা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের সামষ্টিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত মিললেও পুঁজিবাজার হাঁটছে উল্টো পথে। ফলে কিছুতেই থামছে না দরপতন, বরং ক্রমেই পুঁজিবাজারের পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। যেখানে সরকার সহ নিয়ন্ত্রক সংস্থা বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে। সেখানে টানা দরপতনের কারণ কী।
তাছাড়া সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের একটি স্থিতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা কিছুতেই বাস্তবায়ন হচ্ছে না। যার ফলে সেই পতনের ধারায় ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার। ফিরছে না আস্থা। সব মিলিয়ে দিশেহারা বিনিয়োগকারীদের শনির দশা কাটছে না।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই মোট ৭৬ শতাংশ কোম্পানির দর কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস এবং শেষ আট কার্যদিবসের মধ্যে পাঁচ কার্যদিবস দরপতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, দর কমেছে ৩০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির। ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩৭ পয়েন্টে। সিএসইতে ২০৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৪৮ টির দর বেড়েছে, কমেছে ১২৭ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

