স্পেশাল করেসপেন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেকের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ মনে করছেন। তবে পুঁজিবাজারের কিছু বিনিয়োগকারীর কাছে অনেকটাই রূপকথার ‘আলাদিনের চেরাগ’ হিসেবে দেখা দিয়েছে ইনটেক লিমিটেডের। মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ইনটেকের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ২০.৯ টাকায়। যা ৩ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪১.২ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২০.৩ টাকা বা ৯৭ শতাংশ। মুলত কৃত্রিম সংকট সৃষ্টি করে পুঁজিবাজারে ইনটেকের শেয়ার নিয়ে কারসাজি চলছে। এমনকি কোন কিছু না জেনেই কৃত্রিম ক্রেতার ফাঁদে পড়ে ঝাঁপিয়ে পড়ছে সহজ সরল বিনিয়োগকারীরা। কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস খুব এক ভালো না থাকলেও মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। মুলত এ শেয়ারটি নিয়ে বাজারে ওপেন কারসাজি চলছে।

তবে ইনটেকের শেয়ার দরের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তদন্তে উঠে আসা তথ্যে দেখা গেছে, কোনো মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএসই। এ বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ডিএসই। উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে শেয়ার দর বৃদ্ধির বিষয়টি জানে না।

অন্যদিকে, কোম্পানিটির শেয়ার দাম বাড়ার চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্বশীলরা। এজন্য কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন তারা। তারা আরো বলেন, ইনটেকের শেয়ার দাম বাড়ার বিষয়টি আমাদের নজরেও এসেছে। যেভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে এবং যেহারে লেনদেন হচ্ছে তাতে আমরাও বিস্মিত। দাম বাড়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

ডিএসইর এক সদস্য বলেন, ইনটেক লিমিটেড শেয়ার দাম যেভাবে বাড়ছে তাতে কারসাজির সন্দেহ করা স্বাভাবিক। কোনো বিশেষ গ্রুপ না থাকলে এভাবে শেয়ার দাম বাড়তে পারে না। এর আগেও কিছু কোম্পানির শেয়ার দাম এমন অস্বাভাবিক বাড়তে দেখা যায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা থেকে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এর মাধ্যমে একটি বিশেষ চক্র সুবিধা নিয়ে যাচ্ছে, বিপরীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার।

তিনি বলেন, ইনটেক লিমিটেডের শেয়ার দাম বাড়ার পিছনে প্রকৃত ঘটনা কী, তা নিয়ন্ত্রক সংস্থার উচিত তদন্ত করে বের করা। যদি কোনো কারসাজির ঘটনা ঘটে তবে কারসাজি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বারবার বাজারে কারসাজির ঘটনা ঘটবে।