স্পেশাল করেসপেন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। মুলত মাস শেষে এডজাস্টের কারণে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ার বিক্রির চাপে সূচকের পতন হয়েছে।

তবে সূচকের কিছুটা পতন হলেও বাজার নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া ডিএসইতে তিন কার্যদিবস পর হাজার কোটির নিচে লেনদেন হয়েছে। এর আগে টানা তিন কার্যদিবস হাজার কোটি উপরে লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা দিলেও প্রথম ঘণ্টার লেনদেন শেষ হওয়ার আগেই দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ ব্যাংক ও আর্থিক খাত এবং জুন ক্লোজিং শেয়ারের। এতে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে।

অবশ্য বেশিরভাগ ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম কমলেও অন্য খাতের বেশিরভাগ কোম্পানির দাম বাড়ার ধারা ধরে রাখলে আবারও সূচক ঊর্ধ্বমুখী হয়। কিন্তু লেনদেনের শেষদিকে ব্যাংক ও আর্থিক খাতের দরপতনের মাত্রা বেড়ে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতের ওপরও। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, দর কমেছে ১৭৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। ডিএসইতে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭৬ কোটি ১৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০১ পয়েন্টে। সিএসইতে ২৪৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ১০৬ টির দর বেড়েছে, কমেছে ১০৫ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।