শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: উৎপাদন না থাকা কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট (তালিকাচ্যুত) করা হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ায় গত রোববার থেকে ‘জেড ক্যাটাগরির’ কোম্পানিগুলোর শেয়ার বড় ধরনের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এতে বেশির ভাগ জেড গ্রুপের শেয়ারের বড় দরপতন হয়েছে। এমনকি ডজন খানেক কোম্পানির শেয়ার ক্রেতা সংকট দেখা যায়।

এছাড়া সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ‘জেড ক্যাটাগরির’ অধিকাংশ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। বিশেষ করে আর্থিক খাতের ৮ কোম্পানির শেয়ার ডিলিস্ট (তালিকাচ্যুত) খবরে ‘জেড ক্যাটাগরির’ নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের হঠাৎ করে আর্থিক খাতের শেয়ারে ডিলিস্ট (তালিকাচ্যুত) করার খবর প্রকাশ হলে বিনিয়োগকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

একাধিক বিনিয়োগকারীরা বলেন, নীতি নির্ধারকদের হুটহাট বক্তব্যে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। তেমনি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের আর্থিক খাত ইস্যুতে নেতিবাচক বক্তব্যে বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, জেড গ্রুপে থাকলেও ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা নেই। এ ছাড়া অন্যান্য খাতের কোম্পানিগুলোর বিষয়েও তালিকাচ্যুত করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২ বারে ১ লাখ ৪৯ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭ বারে ১৬ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

কোম্পানিটি ৪০ বারে ১ লাখ ৬৪ হাজার ৭৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। এছাড়া সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯.৩৮ শতাংশ শেয়ারের দরপতন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.০৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৮.৮৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৬২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.০০ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮.০০ শতাংশ কমেছে।