শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনের শুরুতে প্রথম তিন ঘণ্টা অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও শেষ ঘণ্টায় মাত্রাতিরিক্ত বিক্রির চাপে অধিকাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের পতন হলেও ডিএসই ও সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।

মুলত টানা দরপতনের পেছনে পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন গুজবে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে যে, মার্জিন ঋণের নতুন নীতিমালা হয়েছে। সেখানে একটি কোম্পানির শেয়ার প্রতি আয়ের পাশাপাশি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বিবেচনায় নিয়ে ঋণের হার নির্ধারণ করা হয়েছে। মার্জিন ঋণ সংক্রান্ত গুজব বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। গত ছয় কার্যদিবসে দর পতনের পেছনে মুলত মূল্য সংশোধন প্রবণতার পাশাপাশি এই গুজবেরও বড় ভূমিকা রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে শেষ দুই কার্যদিবসে বড় দর পতনে মার্জিন ঋণ সংক্রান্ত গুজব প্রধান কারণ ছিল বলে মনে করেন তারা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, তারা মার্জিন ঋণের নতুন কোনো নীতিমালা তৈরি করেনি। আর এনএভির সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের হার নির্ধারণ করার মতো কোনো বাস্তবতা এ মুহূর্তে বাংলাদেশে নেই। ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ২২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০ টির। ডিএসইতে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৬ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪০ পয়েন্টে। সিএসইতে ২২৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৬৮ টির দর বেড়েছে, কমেছে ১২৭ টির এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।