স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের টানা দরপতনে বিনিয়োগকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের প্রশ্ন পুঁজিবাজারে টানা উত্থানের পর টানা দরপতনের রহস্য কী।

ইচ্ছাকৃত ভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে ডে ট্রেডারের ভুমিকায় অবর্তীন হয়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে গত পাঁচ কার্যদিবসে ১৯২ পয়েন্ট সূচকের দরপতন হলো। এর আগে টানা তিন কার্যদিবস পুঁজিবাজার সূচকের ঊর্ধ্বমুখী ছিলো। তার আগে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এক কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়। এদিকে টানা উত্থানের পর এখন টানা দরপতন দেখা দেওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই দরপতনের কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টানা উত্থানের কারণে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে গেছে। ফলে যে বিনিয়োগকারীরা লাভে রয়েছেন, তারা মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছেন। সে কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।

এছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ফলে নির্বাচন নিয়ে এখন শঙ্কা কেটে গেছে। কারো কারো মনে কিছুটা শঙ্কা থাকলেও তা ধীরে ধীরে কেটে যাবে। ফলে আশা করা যায় শিগগির বাজার ঘরে দাঁড়াবে।

এদিকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, দর কমেছে ২০১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির। ডিএসইতে ৬১০ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪৯ কোটি ৭৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫ পয়েন্টে। সিএসইতে ২০৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ টির দর বেড়েছে, কমেছে ১০৩ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।