পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস দরপতনে ফের ৯৩ পয়েন্ট সূচক উধাও
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দরপতনে বাজার নিয়ে ফের বিনিয়োগকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ একটানা দরপতনে কোন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়। কারণ টানা দরপতন দেখলে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত তিন কার্যদিবসে দরপতনে ডিএসইতে সূচক উধাও ৯৩ পয়েন্ট। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই পুঁজিবাজারে দরপতনে লেনদেন শেষ হয়েছে।
এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবস এবং তার আগের সপ্তাহের শেষ চার কার্যদিবস পুঁজিবাজার টানা ঊর্ধ্বমুখী থাকে। এমন টানা ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের শুরু থেকেই পুঁজিবাজারে ফের দরপতন প্রবণতা দেখা যাচ্ছে। গত রোববার ও সোমবার দরপতন হওয়ার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুর দিকে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিললেও দিনশেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিজ্ঞ বিনিয়োগকারী কাজী হোসাইন আলী বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পুঁজিবাজারের সাখে জড়িত। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি একটি স্থিতিশীল পুঁজিবাজার। তবে গত ১৫ বছর বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল পুঁজিবাজার পায়নি। তাই বিনিয়োগকারীদের স্বার্থে স্থিতিশীল পুঁজিবাজার এখন সময়ের দাবী।
তিনি আরো বলেন, গত ৯ কার্যদিবস সূচকের টানা উত্থান হলেও গত তিন কার্যদিবস টানা দরপতনে কিছুটা আতঙ্কিত বিনিয়োগকারীরা। তবে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মনে করেন। সূচকের একটানা দরবৃদ্ধির পর বাজার কারেকশন স্থিতিশীল বাজারের লক্ষণ। তবে টানা দরপতন কোন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, দর কমেছে ২৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। ডিএসইতে ৭১৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৮ কোটি ৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৮ পয়েন্টে। সিএসইতে ২৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৬৬ টির দর বেড়েছে, কমেছে ১৫১ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

