শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দীর্ঘদিনের অচলাবস্থা ও ধসের পর দেশের পুঁজিবাজারে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ফলে টানা ৩ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। মুলত ভালো মৌল ভিত্তি শেয়ারে ভর করে পুঁজিবাজারে স্থিতিশীলতার আভাস দিচ্ছে। লভ্যাংশ ও মুনাফার ইতিবাচক প্রভাবে হঠাৎ বীমা খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ৫৮টি বীমা কোম্পানির মধ্যে ৪২টি সাধারণ বীমা কোম্পানর সবগুলোরই শেয়ার দাম বেড়েছে, যা সাম্প্রতিককালের মধ্যে একটি অভূতপূর্ব ঘটনা। এমনকি এর আগে পুঁজিবাজারে বড় উত্থানের দিনেও সাধারণ বীমা খাতের শতভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার এমন ঘটনা খুব একটা চোখে পড়েনি।

একাধিক বিনিয়োগকারীরা বলছেন, বীমা খাতের শেয়ারে লভ্যাংশ ও মুনাফার ইতিবাচক প্রভাবে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এছাড়া বীমা খাতের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা এবং বাজারের শক্তিশালী ইতিবাচক প্রবণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ ডিএসইতে লেনদেনের শেষ ভাগে দেখা যায়, তালিকাভুক্ত ৪২টি সাধারণ বীমা কোম্পানির একটিরও শেয়ারের দাম কমেনি। তবে বীমা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ারের দাম আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ছুঁয়েছে, বেড়েছে ৯.৭৩ শতাংশ।

এটি আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে, যা কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের প্রতিফলন। প্রাইম ইন্স্যুরেন্সের পাশাপাশি অন্যান্য বীমা কোম্পানিগুলোও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ৫.২৪ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ৫.০৭ শতাংশ।

এছাড়া মেঘনা ইন্স্যুরেন্সের দাম ৪.৯০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.০১ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪ শতাংশ দাম বেড়েছে। এই ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে, বীমা খাত সামগ্রিকভাবে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।