শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ শুল্ক আরোপের সংবাদে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা দেখা দিলেও শেষ পর্যন্ত সবকটি মূল্যসূচক বেড়ে দিনশেষে সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ডিএসইতে সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

তবে ঘুরে ফিরে সব সেক্টরের মুভমেন্টে বাজারের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। গত অক্টোবর থেকে এ নিয়ে পুঁজিবাজারে ছয়শ কোটি টাকার ওপরে লেনদেন হল মাত্র চার দিন। এর মধ্যে সবশেষ ছয়শ কোটির ঘরে লেনদেন হয় ২৫ ফেব্রুয়ারি। সেদিন ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ডিএসইতে।

মুলত তারল্য সংকট ও নানা বিতর্কের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী পতনের ধারায় চলতে থাকা পুঁজিবাজারে লেনদেন ও সূচকে হঠাৎ উল্লম্ফন হয় গত অগাস্টের প্রথম সপ্তাহে; আওয়ামী লীগ সরকারের পতনের পর। এর মধ্যে ১১ আগস্ট লেনদেন ঠেকে দুই হাজার কোটি টাকার ঘরে। সেদিন সূচক দাঁড়ায় ৬ হাজার ১৫ পয়েন্ট। দর সংশোধনে থাকলেও পরের মাস পর্যন্ত সূচক ৫ হাজারের ঘরেই ছিল। কিন্তু অক্টোবর থেকে সূচক ও লেনদেন কমতে থাকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজার দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে। মুলত বাজার ঘুরে ফিরে সব সেক্টরে মুভমেন্ট করার চেষ্টা করছে। এতে বাজারের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। গত জুন মাসের শুরু থেকে উত্থানে ছিলো পুঁজিবাজার। ঐ সময়ের মধ্যে ১৬ কার্যদিবস লেনদেনে ১১ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি পাঁচ কার্যদিবস সূচক কমেছে। মুলত ১১ কার্যদিবসে সূচক বেড়েছে ৩৬৪ পয়েন্ট। এছাড়া ৫ কার্যদিবসে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। ফলে সূচকের উঠানামার মধ্যে স্থিতিশীল হচ্ছে পুঁজিবাজার।

এদিকে জুলাই মাসের চার কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এই চার কার্যদিবসে ডিএসই ১৪৩ পয়েন্ট সূচকের উত্থান হয়েছে। এর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সব্বোর্চ ৮৩ পয়েন্ট সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৫ পয়েন্ট সূচকের উত্থান হলেও লেনদেন সাড়ে চার মাসের মধ্যে সব্বোর্চ হয়েছে। এছাড়া গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের মধ্যে বুধবার ২৬ পয়েন্ট ও বৃহস্পতিবার ২৮ পয়েন্ট সূচকের উত্থান হয়েছে।

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, দর কমেছে ১৯১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। ডিএসইতে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮ কোটি ২৯ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৯ পয়েন্টে। সিএসইতে ২৩৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১ টির দর বেড়েছে, কমেছে ১০৮ টির এবং ৩৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।