স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির আর্থিক প্রতিবেদনে স্থায়ী সম্পদের হিসাব ও উপস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই কোম্পানিটি এবং তার আরো তিনটি সহযোগী কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে বেশকিছু শর্তসাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে কমিশন।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে বেশকিছু শর্তসাপেক্ষে এসংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্তের বিষয়টি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তের আওতায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এম. হাই অ্যান্ড কো. সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন, সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম এবং সহকারী পরিচালক অমিত অধিকারী।

কোম্পানি সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এম. হাই অ্যান্ড কো. সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটির পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) বাড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ মে) রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এর আগে গত ১২ মার্চ এই একীভূতকরণ স্কিমের ওপর তাদের আনুষ্ঠানিক সম্মতিপত্র দেয় বিএসইসি।