আর্থিক সংকটে টানা ৩ বছর লভ্যাংশ বঞ্চিত ন্যাশনাল টি’র শেয়ারহোল্ডারা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। মাত্র প্রায় ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটি গত পাঁচ অর্থবছরে প্রায় ৩২০ কোটি টাকা লোকসান করেছে। করোনা মহামারির প্রভাব ও উচ্চ সুদের ব্যাংক ঋণের চাপকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫৮ টাকা ৫৩ পয়সা। টাকার অঙ্কে যা প্রায় ১০৪ কোটি ৬০ লাখ। বড় এই লোকসানের কারণে ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৯-২০ অর্থবছর থেকে টানা লোকসানে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। গত পাঁচ অর্থবছরে কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির লোকসান ছিল ৩৬ কোটি ৭৭ লাখ টাকা। পরের অর্থবছরে লোকসান হয় ২০ কোটি ৯১ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে লোকসান বেড়ে দাঁড়ায় ২২ কোটি ৭৫ লাখ টাকায়। এরপর ২০২২-২৩ অর্থবছরে ৬৩ কোটি ৫২ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৭০ কোটি ৯৫ লাখ টাকা লোকসান হয়।
দীর্ঘদিনের এই লোকসানের কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৪৪ টাকা ৯৭ পয়সা ঋণাত্মক হয়ে গেছে। এতে কোম্পানির নিট সম্পদও ঋণাত্মক অবস্থায় নেমে এসেছে প্রায় ৯৫ কোটি ৬৮ লাখ টাকায়। অর্থাৎ বর্তমানে কোম্পানিটি অবসায়নে গেলে শেয়ারহোল্ডারদের হাতে ফেরত দেওয়ার মতো কার্যত কোনো সম্পদ অবশিষ্ট থাকবে না।

