শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে দেশের পুঁজিবাজারের দুই স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব ধরনের দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ঈদের ছুটির ঠিক আগের দুই দিন অর্থাৎ ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রবিবার) স্টক এক্সচেঞ্জের অফিস ও সাধারণ লেনদেন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
ঈদকেন্দ্রিক ব্যাংকিং ছুটির সঙ্গে সমন্বয় এবং ঈদের আগে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা ও তারল্য বা ক্যাশ সুবিধা নিশ্চিত করতেই ছুটির আগের শনি ও রবিবার বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরপর টানা ছুটি শেষে আগামী ১ জুন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে শুরু হবে অফিস এবং লেনদেন কার্যক্রম।