শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থান হলেও লেনদেনে ভাটা পড়েছে। ফলে ফের পুঁজিবাজারে লেনদেনের গতি কমতে দেখা যাচ্ছে। এক হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে কমে ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এতে ডিএসইতে এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটেছে।

তবে টেকসই পুঁজিবাজার গঠনে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে মাঝে মধ্যে চাঙাভাব থাকলেও দীর্ঘমেয়াদি মন্দায় কাটছে পুঁজিবাজার। তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলছেন, পুঁজিবাজার উন্নয়নে নানা উদ্যোগ আছে কিন্তু উদ্যোগ বাস্তবায়নে গতি না থাকায় মন্দাভাব কাটছে না। সরকারসহ নিয়ন্ত্রক সংস্থার পুঁজিবাজার ইস্যুতে দ্রুত উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব, স্বচ্ছতার ও জবাবদিহির অভাব এখনো বিদ্যমান। এর ফলে বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটছে না এবং বাজারের কাঙ্খিত গতি ফিরছে না। এ ছাড়া এর আগে তালিকাভুক্ত হওয়া ভিত্তিহীন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় বাজার মন্দাভাব বাজায় রয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারের তারল্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে, এতে পর্যবেক্ষণে থাকা বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পুঁজিবাজারে কিছুটা গতি আসতে পারে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১ টির, দর কমেছে ১০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। ডিএসইতে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি ১৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে ১৯১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৯২ টির দর বেড়েছে, কমেছে ৬৭ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।