পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি ছাড়ালোই সূচকের পতনের রহস্য কী
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক পতন হলেও লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার বেশি। এর মাধ্যমে চলতি বছরে তিনবার হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো। প্রশ্ন হলো পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি ছাড়ালোই সূচকের পতনের রহস্য কী। এর আগে দুইবার হাজার কোটি টাকার লেনদেন ছাড়ানোর পরই দরপতন হয়।
তবে এর আগে টানা সাত কার্যদিবস দরপতনের পর তিন কার্যদিবস পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিলো। তার আগে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এক কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়। এদিকে টানা তিন কার্যদিবস উত্থানের পর একটু কারেকশন হলেও বিনিয়োগকারীদের আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি ছাড়ালোই যে সূচকের পতন হয় বিষয়টা এমন না। অনেকেই প্রফিট টেকিংয়ের কারণে কিছুটা পতন হয়েছে। কারণ তিন কার্যদিবস সূচকের উত্থান ছিলো। ফলে যে বিনিয়োগকারীরা লাভে রয়েছেন, তারা মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছেন। সে কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।
তারা বলছেন, প্রধান উপদেষ্টা নির্বচনের ঘোষণা দিয়েছেন। ফলে নির্বাচন নিয়ে শঙ্কা কিছু নেই। ফলে আশা করা যায় বজার শিগগির লেনদেন ও সূচক বাড়বেই। এছাড়া বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হওয়ার ঘুরে ফিরে সব সেক্টরেই মুভমেন্টে যাচ্ছে।
জানা গেছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪পয়েন্টে।
এদিন ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬১ কোটি ৬৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। সিএসইতে ২৩২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ১০৭ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

