শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর অর্ধেক নগদ লভ্যাংশ, বাকীটা বোনাস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬০ পয়সা, যা আগের বছর ৩ টাকা ১৩ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৪৮ পয়সা। আগামী ২৯ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
এদিকে কোম্পানিটির প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬৫ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৬ পয়সা বা প্রায় ৯ শতাংশ।
ক্যাশফ্লোর চিত্রেও অবনতি লক্ষণীয়। এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্যাশফ্লো ইতিবাচক থেকে নেতিবাচকে নেমে আসায় কোম্পানির তারল্য ব্যবস্থাপনায় চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

