শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা কারেকশনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের কিছুটা কারেকশন হলেও বাজার নিয়ে ভয়ের কিছু নেই। মুলত প্রফিট টেকিংয়ের চাপে সূচকের কিছুটা দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ সাম্প্রতিক সময়ে দ্রুত মূল্যবৃদ্ধি পাওয়া কিছু শেয়ারে বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণের প্রবণতা বাড়ায় বাজারে বিক্রয়চাপ সৃষ্টি হয়।

মুলত পুঁজিবাজারের প্রতিটি পতনের পরই নতুন করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়। বাজারের ইতিহাস সাক্ষ্য দেয়, উত্থান-পতন পুঁজিবাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য। কখনো হতাশার মেঘ ঘনিয়ে আসে, কখনো অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মনে ভয়ের জন্ম দেয়। কিন্তু সাময়িক অস্থিরতা কখনোই একটি বাজারের চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারণ করে না। তাই বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়াই হওয়া উচিত বিনিয়োগকারীদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশের পুঁজিবাজার নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। আগামী দিনগুলোতে বাজারে ইতিবাচক পরিবর্তন, বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধার এবং আরও গতিশীল পরিবেশ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন স্বচ্ছতা, সুশাসন, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর কার্যকর ভূমিকা এবং নীতিনির্ধারকদের দায়িত্বশীল পদক্ষেপ।

তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেনে ইতিবাচক পরিবর্তন ঘটে। সেদিন বাজারে স্থিতিশীলতার চিত্রও লক্ষ করা যায়। কিন্তু পরবর্তী কার্যদিবসে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সূচকের পতন খুব বেশি হয়নি। ফলে পুঁজিবাজার নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে আগ্রহী না হওয়ায় টাকার অঙ্কে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কারণ বর্তমান পুঁজিবাজার সূচকের উঠানামার মধ্যে চলছে। বাজার একটানা বাড়ছে না, তেমনি একটানা দরপতন হচ্ছে না। এটা বাজারের জন্য ভাল দিক তেমনি স্থিতিশীল পুঁজিবাজারের প্রত্যাশায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিজ্ঞ বিনিয়োগকারী কাজী হোসাইন আলী কাজী বলেন, পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনো আশাবাদ রয়েছে। সরকার প্রধান বাজারের প্রতি নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বাজারের স্থিতিশীলতা নষ্ট করা কারও পক্ষে সম্ভব হবে না। তবে বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে বলে সামগ্রিক পরিস্থিতিতে দেখে মনে হচ্ছে।

বাজার বিশ্লেষকরা বলেন, বর্তমান কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কিছু ইতিবাচক উদ্যোগ নিলেও বাজার তদারকিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এমনকি কঠোর নজরদারির মাধ্যমে অস্বাভাবিক দরপতন নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে তারা মনে করেন।