বেক্সিমকো ফার্মার ৪৭.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে কোম্পানিটি গত বছরের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। এতে লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এই কোম্পানিটির সাবসিডিয়ারিসহ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ১৫ দশমিক ৫৬ টাকা করে নিট ৬৯৯ কোটি ৮৯ লাখ টাকার মুনাফা হয়েছে। আগের অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল শেয়ারপ্রতি ১৩ দশমিক ০৭ টাকা করে ৫৮৬ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১১৩ কোটি ২১ লাখ টাকা বা ১৯ শতাংশ। মুনাফায় এই উত্থানের ওপর ভিত্তি করে লভ্যাংশের পরিমাণও বাড়িয়েছে বেক্সিমকো ফার্মার পর্ষদ। আগের বছর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও এবার ৪৭ দশমিক ৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে বেক্সিমকো ফার্মার একক হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ১৫ দশমিক ০৫ টাকা করে নিট ৬৭১ কোটি ২৬ লাখ টাকার মুনাফা হয়েছে। আগের অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল শেয়ারপ্রতি ১২ দশমিক ৫৮ টাকা করে ৫৬১ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১১০ কোটি ২১ লাখ টাকা বা ২০ শতাংশ।
বেক্সিমকো ফার্মার ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে আদালতের অনুমোদন নিয়ে তারিখ ঘোষণা করা হবে। তবে এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্যযোগ্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির সমন্বিত হিসাবে গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ দশমিক ০৪ টাকায়।

