নিউলাইন ক্লোথিংয়ের শেয়ারে কারসাজিতে ১৩ কোটি টাকা জরিমানা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে শেয়ার কারসাজির ঘটনায় ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৪৪ কোটি ৪০ লাখ টাকার জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেইসঙ্গে এক ব্যক্তিতে পুঁজিবাজারে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশেনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদের সেই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৯৭২তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিং ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির ঘটনায় জরিমানা হয়েছে।
এ ছাড়া সরকারি কর্মকর্তা হিসেবে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ে ও দুদকের কাছে প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করেপোরেশন অব বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর মধ্যে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে পাঁচ বিনিয়োগকারীকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
সূত্র অনুসারে, ২০২১ সালের ২৪ মে থেকে ওই বছরের ৫ জুলাই পর্যন্ত সময়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তদন্তে কারসাজির প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অপরাধে বিনিয়োগকারী রিয়াজ মাহমুদকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ টাকা, মোঃ সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা এবং মোঃ জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

