শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৫ সালে ৯০১ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে ব্যাংকটির অন্যান্য আর্থিক সূচকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ডিএসই এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ইস্টার্ন ব্যাংকের আমানতের পরিমাণ ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৫ হাজার ৬৪৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে ব্যাংকটির ঋণ ও অগ্রিম ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০৪ কোটি টাকায়। গত বছর ইস্টার্ন ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৪৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২১ হাজার ১৪৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

২০২৫ সালে খেলাপি ঋণের পরিমাণও কমিয়ে আনতে সক্ষম হয়েছে ইস্টার্ন ব্যাংক। এ সময়ে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ আগের তুলনায় কমে ২ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে ব্যাংক খাতের গড় খেলাপি ঋণের হার ৩০ দশমিক ৬০ শতাংশ। ব্যাংকটির রিটার্ন অন ইকুইটি (আরওই) ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৩ শতাংশে, যা আগের বছর ছিল ১৮ দশমিক ৫৭ শতাংশ। কস্ট টু ইনকাম অনুপাত হয়েছে ৪০ দশমিক ৩৬ শতাংশ।

গত বছরে মূলধন ভিত্তি আরো শক্তিশালী করেছে ইস্টার্ন ব্যাংক। ২০২৫ সালে ব্যাংকটির একক ভিত্তিতে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৯ শতাংশে, যা ২০২৪ সালে ছিল ১৫ দশমিক ১১ শতাংশ। ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা, আগের বছরে যা ছিল ৪ টাকা ৭০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৬ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইস্টার্ন ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সায়।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯৫ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৬৯৯ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮।

এর ৩১ দশমিক ৪৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৮৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৬৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।