বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির বিশেষ নিরীক্ষায় নতুন মূল্যায়ন কমিটি গঠন
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির গত পাঁচ অর্থবছরের (২০২০ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত) আর্থিক হিসাবের বিশেষ নিরীক্ষা কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। বিশেষ নিরীক্ষার জন্য কনসালটিং প্রতিষ্ঠান (অডিটর) নিয়োগে জমা পড়া প্রস্তাব মূল্যায়নের লক্ষ্যে আগের কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত একটি সংশোধিত আদেশ জারি করেছে সংস্থাটি।
বিশেষ নিরীক্ষার মাধ্যমে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোনো অসংগতি, অনিয়ম বা তথ্য গোপনের ঘটনা রয়েছে কি না, তা যাচাই করা হবে। এ উদ্দেশ্যেই নতুন করে মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এর আগে, বিএসইসি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে কনসালটিং প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিশেষ নিরীক্ষার জন্য কনসালটিং প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত করতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। নির্ধারিত বিধিবিধান অনুসরণ করেই গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
সংশোধিত আদেশ অনুযায়ী, নতুন কমিটি বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানির ২০২০ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সমাপ্ত পাঁচ অর্থবছরের আর্থিক বিবরণীর বিশেষ নিরীক্ষার জন্য জমা পড়া প্রস্তাব মূল্যায়ন করবে।
নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আবুল কালামকে। সদস্য হিসেবে রয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সরোয়ার সাগর। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির সহকারী পরিচালক রানা দাশ।
এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিন কোম্পানির বিশেষ নিরীক্ষার জন্য নিরীক্ষক নির্বাচন করতে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল। তখন বিভিন্ন কনসালটিং প্রতিষ্ঠান আগ্রহপত্র জমা দেয়। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের জন্য তিনটি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য ১০টি এবং শাইনপুকুর সিরামিকসের জন্য একটি কনসালটিং প্রতিষ্ঠানকে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

