শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এনআরবি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত জুলাই মাসের শেষ সপ্তাহে কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
তদন্ত পরিচালনার জন্য বিএসইসির একজন উপপরিচালক, একজন সহকারী পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ম্যানেজারকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্তে যেসব বিষয় খতিয়ে দেখা হবে, তার মধ্যে রয়েছে অবৈধ লেনদেন, অপ্রকাশিত তহবিলের ব্যবহার এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেন। এছাড়া শেয়ারহোল্ডার পরিবর্তন বা বোর্ড নিয়োগের সময় সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কি না, তাও যাচাই করবে কমিটি।
চেয়ারম্যান বদিউজ্জামান বা অন্য কোনো বোর্ড সদস্য ভেতরের তথ্য ব্যবহার করে অবৈধ লেনদেন বা বাজার কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে। কর্পোরেট গভর্ন্যান্স কোড এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধিমালা সঠিকভাবে মানা হয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।
বিএসইসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রাথমিক অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

