শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে মুরাদ নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, মুরাদকে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীর তথ্য পেতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিকেলে ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মুরাদের নামে ছাত্র হত্যার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা হবে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুরাদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করছিলেন। আগামীকাল (শুক্রবার) তাঁকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ওই ঝটিকা মিছিল করা হয়। এটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মিছিলে মুরাদ নেতৃত্ব দেন বলে পুলিশের দাবি।