ডাচ-বাংলা ব্যাংকের এটিএমে বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহক
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একাধিক এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। এতে ব্যাংকটির কার্ডধারী গ্রাহক ও মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। কয়েক দিন ধরে এক বুথ থেকে অন্য বুথে ঘুরেও অনেক গ্রাহক টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
গত রোববার ও সোমবার বনশ্রী ও রামপুরা এলাকার ডাচ-বাংলা ব্যাংকের কয়েকটি এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হন গালিব হাসান। পরে মঙ্গলবার (৯ জুন) দিলকুশা এলাকার একটি বুথে গেলেও তিনি টাকা পাননি। গালিব হাসান বলেন, হঠাৎ টাকা দরকার হলে এটিএম বুথই ভরসা। কিন্তু গত তিন দিনে চারটি বুথ ঘুরেও টাকা পেলাম না।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিজানুর রহমান। তিনি বলেন, মুগদা ও মানিকনগর এলাকার কোনো বুথে টাকা না পেয়ে মতিঝিলে এসেছিলাম। এখানেও টাকা নেই। মঙ্গলবার সকালে মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকের লোকাল অফিস-সংলগ্ন এটিএম বুথে গিয়ে দেখা যায়, বুথটির অর্ধেক শাটার নামানো। দায়িত্বরত নিরাপত্তাকর্মী জানান, বুথে নগদ অর্থ না থাকায় গ্রাহকদের অন্য বুথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
একই চিত্র দেখা গেছে রাজধানীর মুগদা ও মানিকনগর এলাকার কয়েকটি বুথেও। গ্রাহকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বিভিন্ন বুথে টাকা তুলতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছেন। অনেকেই একাধিক বুথে চেষ্টা করেও নগদ অর্থ পাননি।
মুগদার একটি বুথে টাকা তুলতে আসা এক গ্রাহক জানান, গুলশানের দুটি বুথে ব্যর্থ হওয়ার পর নিজ এলাকার বুথেও টাকা পাননি। আরেক গ্রাহক বলেন, কয়েক দিন ধরে বুথ থেকে টাকা তুলতে না পেরে ধার করে প্রয়োজনীয় খরচ চালাতে হচ্ছে। মুগদার ওই বুথের নিরাপত্তাকর্মী বলেন, ঈদের আগে কিছুদিন টাকা সরবরাহে সমস্যা ছিল। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত তিন থেকে চার দিন ধরে আবারও সংকট দেখা দিয়েছে।
সোমবার সন্ধ্যায় মানিকনগর পুকুরপাড় এলাকার বুথেও একই অবস্থা দেখা যায়। স্থানীয়রা জানান, বুথে নতুন করে টাকা সরবরাহ না থাকায় কোনো গ্রাহক নগদ অর্থ জমা দিলে কেবল সেই অর্থই অন্য গ্রাহকেরা উত্তোলন করতে পারছেন। তবে মঙ্গলবার দুপুরে মানিকনগর বিশ্বরোড ও গোপীবাগ এলাকার দুটি বুথে পর্যাপ্ত নগদ অর্থ পাওয়া গেছে। সংশ্লিষ্ট বুথগুলোর নিরাপত্তাকর্মীরা জানান, কয়েক দিনের সংকট কাটিয়ে ব্যাংক কর্তৃপক্ষ নতুন করে টাকা সরবরাহ করায় বর্তমানে সেবা স্বাভাবিক রয়েছে।

