নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩২ শতাংশ।
ডিএসইর সূত্রে জানা গেছে, আলোচ্য ৯ মাসে নাভানা ফার্মার শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১ দশমিক ১০ টাকা বা ৩২ শতাংশ। এদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকেও কোম্পানিটির মুনাফায় ইতিবাচক ধারা অব্যাহত ছিল।
এ প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ দশমিক ২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ০১ টাকা। ফলে প্রান্তিক ভিত্তিতে ইপিএস বেড়েছে ০ দশমিক ২১ টাকা বা ২১ শতাংশ। কোম্পানির মুনাফা বৃদ্ধির পেছনে ওষুধ বিক্রি বৃদ্ধি এবং কার্যকর ব্যয় ব্যবস্থাপনা নীতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে নাভানা ফার্মা কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫৩ টাকায়। এর পাশাপাশি নাভানা ফার্মা উৎপাদন সক্ষমতা বাড়াতে বৈদেশিক ঋণ সুবিধা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক একেএ অসফুরক্রেডিট-গেসেলসচাফট এমবিএইচ থেকে ১২ বছরের জন্য মোট ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ইউরো পরিমাণ ঋণ নিতে চায়। এ ঋণ ব্যবস্থার একমাত্র অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশের কেজিএমসি ফাইন্যান্সিয়াল সার্ভিস।
কোম্পানি সূত্রে জানা গেছে, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে এই ঋণ সুবিধা গ্রহণ করা হবে। তবে প্রস্তাবিত অর্থায়ন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল থাকবে।

