স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার তার ‘ফেভারিট সাবজেক্ট’, তবে বর্তমানে অনেক ভালো কোম্পানি বাজারটিকে ‘ক্যাসিনো’ হিসেবে মনে করে, যা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগজনক। আজ শনিবার সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার তো আমার একটা ফেভারিট সাবজেক্ট। বাংলাদেশ পুঁজিবাজারে ধ্বংস হওয়ার কারণ কী? সবাই উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। স্বল্প মেয়াদে আমানত নিয়ে, দীর্ঘমেয়াদে ঋণ দিয়েছে উচ্চ সুদে। বড় প্রজেক্টে উচ্চ সুদে ঋণ নেওয়া ক্ষতিকর। এটা নেওয়ার কথা ছিল পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজার তো নেই। যেটার জন্য একদিকে বিপদে পড়েছে ব্যাংক, অন্যদিকে বিপদে পড়েছে ব্যবসায়ীরা। উচ্চ ব্যয়ে ঋণ করেছে, এখন এটা পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলো বিপদে পড়েছে কারণ তারা পরিশোধ করতে পারছে না।

তিনি বলেন, পুঁজিবাজারের ওপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন দেখতে পারবেন। আমাদের পুঁজিবাজার পুরোপুরি সংস্কার হবে। যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আস্থা সৃষ্টি করতে হবে। কারণ ভালো কোম্পানি আসতে চায়। যারা ভালো কোম্পানি তারা এটাকে ক্যাসিনো মনে করে। ক্যাসিনোতে কোনো ভালো কোম্পানি তো যাবে না।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা একদিকে, অন্যদিকে যারা তালিকাভুক্ত হবে তাদের আস্থা সৃষ্টি করতে হবে। ডিরেগুলেট একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়া পুঁজিবাজার গ্রো করে না। রিটেল ইনভেস্টর দরকার, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ছাড়া বড় ধরনের ক্যাপিটাল মার্কেট কোনো দিনও হতে পারে না।

অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়। বিদেশি ফান্ড ম্যানেজার ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকার পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের দিকে এগোতে চায়। উন্নত দেশের মতো গভর্নমেন্ট বন্ড ও মিউনিসিপাল বন্ড চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সরকারি প্রকল্পগুলো সরাসরি বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।