গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজা জামিনদাতা ঋণখেলাপি
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শওকত রেজা জামিনদাতা ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্টে চিহ্নিত হয়েছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পাঠানো অনুসন্ধানপত্রের জবাবে বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছরের ২৩ সেপ্টেম্বর আইডিআরএ চেয়ারম্যান শওকত রেজার সিআইবি রিপোর্ট যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বদরুন্নাহার বর্ণ স্বাক্ষরিত এক চিঠিতে আইডিআরএ উপপরিচালক মো. সোলায়মানকে জানানো হয় শওকত রেজা জামিনদাতা ঋণখেলাপি হিসেবে সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হিসেবে তিনি খেলাপি হয়েছেন, সে তথ্য তাদের কাছে নেই।
বীমা বিশেষজ্ঞরা বলছেন, বীমা কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক যদি জামিনদাতা হিসেবে ঋণখেলাপি হন, তবে বিষয়টি আইডিআরএর গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ, বীমা আইন অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারান। এতে কোম্পানির আর্থিক স্থিতি ও পলিসি ধারকদের স্বার্থও ঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে শওকত রেজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
আইডিআরএর উপ পরিচালক মো. সোলায়মান বলেন, চেয়ারম্যান শওকত রেজার জামিনদাতা ঋণখেলাপির বিষয়টি কোম্পানির রুলস অনুযায়ী প্রভাব ফেলতে পারে কি না, তা কোম্পানিকেই নির্ধারণ করতে হবে। তবে ঋণখেলাপি বিবেচিত হলে তার শেয়ার হস্তান্তর বা গ্রহণে আইনি বাধা থাকে। কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
জানা গেছে, শওকত রেজা দেশের একজন প্রভাবশালী উদ্যোক্তা। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা পরিচালক ছাড়াও অ্যালিউর অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন প্লাস লিমিটেড, রেজা ফ্যাব্রিকস লিমিটেড, রেজা ফ্যাশন্স লিমিটেড, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, পদ্মা উইয়েভিং লিমিটেড ও পদ্মা ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

