শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৩ টাকা ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সা। আগের বছর এ সূচক ছিল ১ টাকা ৬০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬২ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।