স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। মুলত ব্যাংক-ওষুধ-বস্ত্র খাতের শেয়ারে ভর করে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন বীমা খাতের পাশাপাশি অন্যান্য খাতের শেয়ারের ঢালাও দরপতন হয়েছে। তবে অধিকাংশ ওষুধ ও ব্যাংক খাতের পাশাপাশি বস্ত্র খাতের কোম্পানির শেয়ার দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সূচকে ইতিবাচক প্রবণতা দেখা যায়। তবে প্রথম তিন ঘণ্টা এ ধারা অব্যাহত থাকলেও শেষ ঘণ্টায় কিছু কোম্পানির শেয়ারদর কমে যায়। ফলে ব্যাংক ও ওষুধ এবং বস্ত্র খাতের শেয়ারের উত্থান অব্যাহত থাকায় শেষ পর্যন্ত সূচক কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৬৭টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকা বড় রাখতে পালন করেছে ওষুধ ও বস্ত্র খাত।

ওষুধ খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৯টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত রয়েছে। আর বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৩টির শেয়ার দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৯৯টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইএক্স ৮ পয়েন্টে বেড়ে ৫৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১০৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি নিয়ে গঠিত ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে উঠে এসেছে। ফলে বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৩৮ কোটি ৯৬ লাখ টাকা।

অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৩ কোম্পানির মধ্যে ৯০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫ কোটি ১৭ লাখ টাকা।